ইসলাম টাইমস ডেস্ক: গত ১০ বছরে বাংলাদেশে চমৎকার আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে উল্লেখ করে এর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাস প্রদান করেছেন তিনি।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ কার্যালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা বলেন জাপানের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন।
রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত ১০ বছরে আর্থ-সামাজিক খাতে, বিশেষ করে জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রে উন্নয়নে চমৎকার সাফল্য অর্জন করেছে।
হিরোইয়াসু ইজুমি বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে আমরা দীর্ঘমেয়াদি সহায়তা দিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে হিরোইয়াসু ইজুমি বলেন, এ ব্যাপারে বাংলাদেশের প্রতি সব সময় আমাদের সহানুভূতি রয়েছে। তিনি মিয়ানমার সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া না দেওয়ায় এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
রাষ্ট্রদূত রোহিঙ্গা সংকট শান্তিপূর্ণভাবে সমাধানে বাংলাদেশের প্রচেষ্টারও প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা খুবই প্রশংসনীয়।
















