গণপূর্ত মন্ত্রণালয়ের সব দপ্তরে সফটওয়্যার ব্যবহার হবে

ইসলাম টাইমস ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,  ভবিষ্যতে মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তরে আইনগত প্রক্রিয়ায় প্রাপ্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বেসরকারি প্রতিষ্ঠান আইটেক আনলিমিটেডের উদ্যোগে স্থাপত্য অধিদপ্তরের কর্মকর্তাদের ‘অ্যাডভান্সড ট্রেনিং অন লাইসেন্সড অটোক্যাড’ বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র প্রদান অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী এ সব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম বলেন, ‘আমরা এখন আইনসম্মত প্রক্রিয়ায় আইনানুগ উপায়ে স্থাপত্য অধিদপ্তরে সফটওয়্যার এনেছি। এটা অত্যন্ত ভালো একটা দিক। ভবিষ্যতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর আওতাধীন গণপূর্ত অধিদপ্তর, রাজউকসহ অন্যান্য দপ্তরে আইনগত প্রক্রিয়ায় প্রাপ্ত সফটওয়্যার ব্যবহার করা হবে।’

আইটেক আনলিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম এইচ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে স্থাপত্য অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত ১৮ জন স্থপতিকে সনদপত্র প্রদান করা হয়।

পূর্ববর্তি সংবাদমাছের ঘের নিয়ে বিরোধ, গোপালগঞ্জে হাতপায়ের রগ কেটে হত্যা
পরবর্তি সংবাদবগুড়ায় অটোরিকশার ওপর উল্টে পড়ল চিনি বোঝাই ট্রাক, নিহত ২