মাছের ঘের নিয়ে বিরোধ, গোপালগঞ্জে হাতপায়ের রগ কেটে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে গোপালগঞ্জে জাকারিয়া ভূঁইয়া (৪০) নামে একজনকে হাতপায়ের রগ কেটে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার সদর উপজেলার বাজুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত জাকারিয়া বাজুনিয়া গ্রামের মৃত মজিদ ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাজুনিয়া গ্রামে একটি মাছের ঘেরের মালিকানা নিয়ে জাকারিয়া ভূঁইয়াদের সাথে একই উপজেলার কোনাগ্রামের আজিল খানের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে আজিল খান গ্রুপের লোকজন বাজুনিয়া গ্রামের জাকারিয়া ভূঁইয়ার দু’হাত ও দু’পায়ের রগ কেটে দেয়।

পরে আহত অবস্থায় জাকারিয়াকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে জাকারিয়ার মৃত্যু হয়। মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ইদ্রিস আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলেও তিনি জানান।

পূর্ববর্তি সংবাদবিশ্বের শীর্ষ নারী শাসকের তালিকায় শেখ হাসিনা
পরবর্তি সংবাদগণপূর্ত মন্ত্রণালয়ের সব দপ্তরে সফটওয়্যার ব্যবহার হবে