নেসাবের সমন্বয় নিয়ে চলতি মাসেই বৈঠকে বসছেন বেফাকের দায়িত্বশীলরা

ইসলাম টাইমস ডেস্ক: কাফিয়া জামাতে যুক্ত হতে যাওয়া কেন্দ্রীয় পরীক্ষার সিলেবাস এবং  বিভিন্ন মাদরাসায় পাঠ্যভূক্ত বিভিন্ন কিতাবের সমন্বয় ও পাঠদান পদ্ধতি নিয়ে আলোচনার জন্য চলতি মাসেই বসছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে আমেলার বিশেষ বৈঠক।

বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ-সভাপতি মাওলানা মুসলেহুদ্দীন রাজু ইসলাম টাইমসকে এ তথ্য জানান।

তিনি বলেন, বেফাকভূক্ত প্রতিষ্ঠানগুলোর নেসাবের সমন্বয় নিয়ে দীর্ঘদিন যাবত কাজ চলছে। নেসাবকে আরও মানসম্মত, যুগোপযোগী করে তুলতে বোর্ডের সর্বস্তরের দায়িত্বশীলগণ চেষ্টা করে যাচ্ছেন।

বেফাকের এ সহ-সভাপতি বলেন, বাংলাদেশে দেখা যায়, একেক অঞ্চলে একেকটা বিষয়ের উপর গুরুত্ব বেশি দেওয়া হয়। কোথাও আরবির গুরুত্ব বেশি। কোথাও উর্দুর প্রভাব বেশি। কোনো কোনো মাদরাসায় বিভিন্ন জামাত ভিত্তিক হাদিসের কিছু কিতাব পড়ানো হয়। কোথাও মানতিক, ফালসাফা পড়ানো হয় অনেক গুরুত্ব দিয়ে। কোথাও অর্থনীতি আবার কোথাও ইংরেজি, সাধারণ বিজ্ঞানও পড়ানো হয়। এখন সামগ্রিকভাবে বর্তমান ছাত্রদের জন্য কী উপযোগী এবং কোনটা তাদের জন্য দীর্ঘমেয়াদি কল্যাণ বয়ে আনবে তা নিয়ে ভাবছেন বোর্ডের দায়িত্বশীলরা।

মাওলানা মুসলেহুদ্দীন রাজু বলেন, নেসাবের সংস্কার, সমন্বয় বিষয়ক আমাদের হাতে অনেক লিখিত প্রস্তাব এসেছে। বোর্ডের পেছনের মিটিংয়ে নেসাব নিয়ে যেসব আলোচনা হয়েছিল সেগুলোও নোট করা হয়েছে। বিভিন্নজন অনেক মৌখিক পরামর্শও দিয়েছেন। সামনের মজলিসে আমেলার বৈঠকে এসব প্রস্তাব উত্থাপন করা হবে। এরপর আলোচনা ও পরামর্শের মাধ্যমে বোর্ডের দায়িত্বশীলরা সিদ্ধান্ত নিবেন কোন কোন প্রস্তাব গ্রহণ করা হবে।

কত তারিখে কোথায় বৈঠক অনুষ্ঠিত হবে জানতে চাইলে তিনি বলেন, তারিখ ও জায়গা এখনও ঠিক করা হয়নি। তবে চলতি মাসেই এ বৈঠক অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তি সংবাদইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান তুরস্কের
পরবর্তি সংবাদসিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩