ইসলাম টাইমস ডিস্ক: কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে জুমার নামাজের সময় মসজিদের ভেতরে ঢুকে নামজরত এক মুসল্লীকে মসজিদে ঢুকে কুপিয়েছে স্থানীয় মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসীরা। আহত যুবক কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ চলাকালীন সময় খরুলিয়া এলাকার সুতারচর গ্রামের জামে মসজিদের ভেতর এ ঘটনা ঘটে। আহত যুবক একই এলাকার ছুরুত আলমের ছেলে আব্দুল মালেক (৩২)।
এই ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, শুক্রবার মালেক জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের ভেতরে ঢুকে প্রতিবেশী মাদক সম্রাট ইউসুফ আলীর ছেলে শীর্ষ সন্ত্রাসী, ইয়াবা ডন ও দেড় ডজন মামলার পালাতক আসামি রাজা মিয়া। এ সময় সে তার সহোদর তিন ভাই ওসমান গনি, নবাব মিয়া, আকাশসহ ৫ থেকে ৬ জন দুর্বৃত্তরা রামদা দিয়ে এলোপাতারী কোপাতে থাকে।
এদিকে, কিছুদিন আগে দিনের বেলায় সন্ত্রাসী রাজা মিয়া আহতের ভাই মান্নানের মোবাইল ও ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ দিয়েও কোনো সুরাহা না পেয়ে সন্ত্রাসী রাজা মিয়াকে ধাওয়া করে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে দাবি আহতের পরিবারের।
ঘটনার সংবাদ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান ও সদর থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধর্ম প্রতিষ্টানে হামলার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার সাধারণ মুসল্লীরা নিন্দা জানিয়েছেন।
















