ইসলাম টাইমস ডেস্ক: ইসরায়েলের ডানপন্থী ভোটারদের ভোট পাওয়ার জন্য অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে জর্ডান উপত্যকায় নতুন বসতি স্থাপনের অনুমোদন করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। খবর এএফপির
বিতর্কিত এ সিদ্ধান্তের অনুমোদনে নেতানিয়াহুকে তার প্রধান প্রতিপক্ষ বেনি গ্যান্টজও সমর্থন করেন।
আজ রোববার নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, ইসরাইলে নির্বাচনের দুইদিন আগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জর্ডান উপত্যকা দখলের ঘোষণার পর ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জরুরি বৈঠকে বসেছে ইসলামি সহযোগিতা সংগঠন (ওআইসি)। সংগঠনটির বেঠক চলাকালেই বসতি স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করে নেতানিয়াহু।
এর আগে গত ৮ সেপ্টেম্বর নেতানিয়াহু জর্ডান উপত্যকা ইসরাইলের নির্বাচনের পর দখলের ঘোষণা দেন। এ ঘোষণার পর থেকে মুসলিম দেশগুলো বিশেষ করে সৌদি আরব-তুরস্ক নিন্দা জানিয়েছে। এ নিয়ে উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও ইসলামী সহগোগিতা পরিষদ (ওআইসি) নিন্দা জানিয়েছে।
এ ছাড়াও জাতিসংঘ-ইইউরোপীয় ইউনিয়ন বলছে, এটি আন্তর্জাতিক আইন লংঘন। রোববারের অনুষ্ঠিত ওআইসির বৈঠকটি ডাকে সৌদি আরব। এ বৈঠকে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সদস্য দেশগুলো সংগঠনটির নেতাদের প্রতি আহ্বান জানান।
















