সরকারি প্রকল্পের নামে দুর্নীতির মহোৎসব চলছে: চরমোনাই পীর

ইসলাম টাইমস ডেস্ক: সরকারি বিভিন্ন প্রকল্পের নামে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

গতকাল (১৪ সেপ্টেম্বর) শনিবার বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভাগীয় প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি খবরের কাগজে দেখতে পেলাম- খাগড়াছড়িতে ঘর মেরামতের কাজে একটি ঢেউটিনের দাম ধরা হয়েছে ১ লাখ টাকা। রেলওয়ের প্রকল্পে ক্লিনারের বেতন ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার টাকা এবং চট্টগ্রাম ওয়াসার প্রকল্পে ৪১ কর্মকর্তা পানি বিশুদ্ধকরণ প্রশিক্ষণের নামে আনন্দ ভ্রমণে গিয়েছেন উগান্ডায়। সরকারি বিভিন্ন প্রকল্পের নামে এভাবে চলছে অনিয়ম ও দুর্নীতির ও মহোৎসব।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেন, যখন এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮২.২০ শতাংশ এবং এইচএসসিতে পাসের হার ৭৩.৯৩ শতাংশ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাংকিংয়ে এক হাজারের মধ্যেও জায়গা না পাওয়ায় আমরা খুবই হতাশ হয়েছি। দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনে শিক্ষার মান এত নিম্নস্তরে থাকায় এদেশের ছাত্র-জনতা ও সচেতন মহল শঙ্কিত। একই সাথে একটি দেশ উন্নয়নের মহাসড়কে এবং শিক্ষার মানে সমুদ্রের তলদেশে অবস্থান করতে পারে না। এটা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ। সুতরাং দেশে শিক্ষার মানোন্নয়নে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক এম. হাছিবুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব একেএম আব্দুজ্জাহের আরেফীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, নৈতিকতাবিবর্জিত সনদমুখী শিক্ষার কারণে দেশে দুর্নীতি বেড়ে চলছে। বিশ্ববিদ্যালয়-কলেজগুলোতে গ্রহণযোগ্য ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ক্যাম্পাসগুলো থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসছে না। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে পেশীশক্তি ব্যবহার করার কারণে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে। অপরদিকে বেকারত্বের বোঝা দিনকেদিন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব অসঙ্গতি থেকে নিষ্কৃতি পেতে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।

পূর্ববর্তি সংবাদ‘বাবর রোড’ লেখা নামফলকে কালি লেপে দিলো হিন্দু সেনা
পরবর্তি সংবাদমমতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত: বিজেপি নেতা