গণহত্যার ঝুঁকিতে আছে মিয়ানমারে রয়ে যাওয়া ৬ লাখ রোহিঙ্গা মুসলমান : জাতিসংঘ

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গাদের রাখাইনে ফেরা অসম্ভব হয়ে উঠেছে বলে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ বা তথ্যানুসন্ধান দলের একটি প্রতিবেদনে জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, রাখাইনে ছয় লাখ রোহিঙ্গা ভয়াবহ অবস্থায় রয়েছে। গণহত্যার ঝুঁকি নিয়েই মিয়ানমারে রয়ে যাওয়া রোহিঙ্গা মুসলমানরা সেখানে বাস করছেন। এখনও দেশটির নিরাপত্তা বাহিনী কর্তৃক অবিরাম নিপীড়নের শিকার হচ্ছেন তারা।

সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ বা তথ্যানুসন্ধান দল তাদের প্রতিবেদনে এ ঝুঁকির কথা উল্লেখ করে মিয়ানমারের সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন জেনারেলকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

রাখাইনে ছয় লাখ রোহিঙ্গা ভয়াবহ অবস্থায় রয়েছে উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যে এখনও প্রায় ছয় লাখ রোহিঙ্গা ভয়াবহ অবস্থার মধ্যে বাস করছে। তাদের চলাফেরা উপর এত বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে যে তার প্রভাব তাদের মৌলিক মানবিক চাহিদার উপরও পড়েছে।

অস্ট্রেলিয়ার মানবাধিকার আইনজীবী এবং জাতিসংঘ প্যানেলের সদস্য ক্রিস্টোফার সিডটি এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে থেকে যাওয়া রোহিঙ্গারা এখনও গণহত্যার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে।

গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘ মনোনীত তদন্ত প্যানেল তাদের প্রতিবেদনে ‘জাতিগত নিধনের উদ্দেশ্যে’ মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের উপর দমন-পীড়ন চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছিল।

প্রতিবেদনটিতে এজন্য মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা উচিত বলেও পরামর্শ দেয়া হয়। কিন্তু মিয়ানমার গতবছরের ওই প্রতিবেদনে উল্লিখিত অধিকাংশ অভিযোগই অস্বীকার করেছে।

এর আগে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাখাইনে রোহিঙ্গা গ্রামগুলো গুঁড়িয়ে দিয়ে সেখানে সরকারি স্থাপনা গড়ে তুলেছে মিয়ানমার সরকার। পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনার মাধ্যমে এসব এলাকাকে পুরোপুরি সরকারি অবকাঠামোতে রূপান্তর করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদআংকারায় এরদোগান-রুহানির রুদ্ধদ্বার বৈঠক
পরবর্তি সংবাদনাটোরে নেশার টাকা না পেয়ে নির্মাণাধীন মসজিদে হামলা