ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর সদর আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজু। এরশাদের প্রতি সম্মান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর আওয়ামী লীগের মাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
তুষার কান্তি মণ্ডল গণমাধ্যমকে বলেন, গত ৭ সেপ্টেম্বর গণভবনে রংপুর উপনির্বাচনের মনোনয়ন বাছাই বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী দিয়েছিলেন রেজাউল করিম রাজুকে।
তবে সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, গঠনতন্ত্র অনুযায়ী বৃহৎ দল হিসেবে আমাদের প্রার্থী দিতে হয়, তাই দিলাম। আবার যেহেতু জাতীয় পার্টি (জাপা) আমাদের মহাজোটের অংশ, তাই এই প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া হবে। আমরা জোটগত নির্বাচন করব।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।
প্রসঙ্গত গত ১৪ জুলাই রংপুর-৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
















