আওয়ামী লীগ রাষ্ট্রীয় সংস্থানির্ভর দলে পরিণত হয়েছে : আমীর খসরু

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগকে রাষ্ট্রীয় সংস্থানির্ভর দল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ কার্যত জনবিচ্ছিন্ন। মানুষ আমাকে প্রশ্ন করে বিএনপি কীভাবে ঘুরে দাঁড়াবে। আমি বলি, আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে এটি বড় প্রশ্ন।

মঙ্গলবার কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ প্রশ্ন করেন।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় সংস্থানির্ভর দল হয়ে গেছে। এরা কিন্তু মানুষের কাছে ফিরে যেতে পারবে না। এদের ফিরে যাওয়া কঠিন।

তিনি বলেন, মানুষ আমাকে প্রশ্ন করে বিএনপি কীভাবে ঘুরে দাঁড়াবে। আমি প্রশ্ন করি যে দলটি জনগণকে বাইরে রেখে মানুষের সব অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় আছে, তারা কীভাবে ঘুরে দাঁড়াবে। এটিই বড় প্রশ্ন।

‘বিএনপি তার জায়গায় অটল আছে। বিএনপি গণতন্ত্রের পক্ষে মানুষের অধিকারের পক্ষে ছিল, আছে এবং থাকবে।’

আওয়ামী লীগকে আইনের সম্মুখীন হতে হবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বিগত দিনে কেউ পার পায়নি, এরাও পার পাবে না। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলাকে জেলে রেখে শ্বেতাঙ্গরা ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু পারেনি। বাংলাদেশেও বিগত দিনে কেউ পারেনি। পাকিস্তান আমলেও কেউ পারেনি। এরাও পারবে না।

তিনি বলেন, খালেদা জিয়া এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত স্বৈরাচারবিরোধী আন্দোলন করে তাদের পরাজিত করেছেন। সেই দেশনেত্রীকে কারাগারে রেখে, মানুষের সব অধিকার কেড়ে নিয়ে তারা অবৈধভাবে দেশ চালাচ্ছে। এভাবে চলতে পারে না। এটাকে বন্ধ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।

 

পূর্ববর্তি সংবাদআফগান প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলা, নিহত ২৪
পরবর্তি সংবাদচতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী