‘সরকার মসজিদের শহর ঢাকাকে জুয়াড়িদের শহরে পরিণত করেছে’

ইসলাম টাইমস ডেস্ক: সরকার ঢাকা শহরকে জুয়াড়িদের শহরে (লাস ভেগাসে) পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, “আমরা শুনেছিলাম বাংলাদেশকে নাকি সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত করা হবে। আমি ধন্যবাদ জানাই সরকারকে। তারা শুধু সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুর থেকে একধাপ ওপরে ঢাকা শহরকে তারা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পরিণত করে দিয়েছে, যে লাস ভেগাস হচ্ছে জুয়াড়িদের শহর।”

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, “আজ  থেকে ৪০০ বছর আগে যখন এশহর প্রতিষ্ঠা হয়েছিল, তখন ঢাকার পরিচয় ছিল মসজিদের শহর হিসেবে। আজকে সেই শহর পরিণত হয়েছে ক্যাসিনোর শহরে। আজকে উন্নয়নের জোয়ারে আমরা কোথায় ভেসে যাচ্ছি, বাংলাদেশের মানুষের নীতি-নৈতিকতা কোথায় ভেসে যাচ্ছে। এই সরকার এই দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। মধ্যম আয়ের নমুনার ঠেলায় ঢাকা শহর যদি লাস ভেগাসে পরিণত হয়, তাহলে এই দেশ যখন উন্নত দেশে পরিণত হবে, তখন ঢাকা শহর কোথায় যাবে, সেটা বলার কোনও সঙ্গতি আমার জানা নেই।”

তিনি বলেন, “বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল দু’টি কারণে। প্রথমত, গণতন্ত্র এবং দ্বিতীয়ত, এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তির ঠেলায় আমরা লাস ভেগাসে পরিণত হয়েছি। আর গণতন্ত্রের ঠেলায় আমরা এক দলীয় স্বৈরশাসন এ পরিণত হয়েছি।”

তিনি আরও বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ থেকে একদলীয় সরকারকে অপসারণ করে, খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করি।”

পূর্ববর্তি সংবাদ‘আমরা বিভিন্ন বারের লাইসেন্স দিয়ে থাকি, ক্যাসিনো চালাতেও সরকারের অনুমোদন লাগবে’
পরবর্তি সংবাদগুলশান থানায় ৩ মামলা করা হল ‘ক্যাসিনো খালেদের’ বিরুদ্ধে