বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী মুসলিমদের’ জন্যই এনআরসির প্রয়োজন: বিজেপি নেতা

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের জন্যই এনআরসির প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় তিনি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

দিলীপ বাবু বলেন, ‘জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। পশ্চিমবঙ্গের কোনও মানুষদের কেউ বলতে পারবে না যে বাইরে যাও, বা বাইরে থাকবে না। যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকেছে, ‘অনুপ্রবেশকারী মুসলিম’ তাঁদের জন্যই এনআরসি দরকার আছে।’

বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেয়ার কথা বলেছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘ওপার বাংলা থেকে যারা উদ্বাস্তু হিন্দু এসেছেন তাঁরা এই ভারতে থাকবেন। এখানে নাগরিকত্ব বিল পাস হলেই আমরা তাঁদেরকে নাগরিকত্ব দেবো। এ নিয়ে কোনও দ্বিমত নেই।’

অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাচ্ছেন, যে অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য উনি একসময় পার্লামেন্টে আলোচনা চেয়েছিলেন, আজকে ওদের সংরক্ষণ দেয়ার জন্য উনি চেষ্টা করছেন। এভাবে তাঁরা লোককে বিভ্রান্ত করছেন। ওই ইস্যুতে ওনারাই রাস্তায় নেমেছেন। ওনারাই বিধানসভায় এনআরসির বিরুদ্ধে প্রস্তাব পাস করেছেন। আমরা কোথাও আলোচনা করিনি। আমরা বলেছিলাম, বিদেশিদের চিহ্নিত করার জন্য সুপ্রিম কোর্টের আদেশে আসামে যেরকম এনআরসি হচ্ছে, তা বাংলায় হওয়ার দরকার আছে। দুনিয়ার সমস্ত সভ্য স্বাধীন দেশে তার দেশের নাগরিকদের সূচি থাকে। কেবল আমাদের দেশে নেই। ওই সূচি (জাতীয় নাগরিকপঞ্জি) বানানোর মধ্যে কোনও দোষ নেই।’

সূত্র: পার্সটুডে

পূর্ববর্তি সংবাদদুর্নীতি বিরোধী অভিযান চলতে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদআশুলিয়ায় গার্মেন্টসে চাকরি দেয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ