‘সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজকে কার্যকর ভূমিকা রাখতে হবে’

‘দেশের ভবিষ্যতের কান্ডারী যুব সমাজ ক্যাসিনো নামক সম্পদ বিধ্বংসী জুয়া, মাদকের নেশা, নৈতিক অধঃপতন আর দলীয় স্বার্থে অপব্যবহারের ফলে অধপতিত হচ্ছে। দেশের আপামর জনসাধারণের মাঝে অর্ধেকেরও বেশী সংখ্যক তরুণ থাকলেও সরকার এদেরকে উন্নয়নের পথে আনার বদলে রাজনৈতিক ভাবে অপব্যবহার করছে। এ পরিস্থিতে যুব সমাজকে দ্বীন বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক অধঃপতন রোধে কার্যকর ভূমিকা রাখতে হবে’। বলছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

আজ শনিবার ২১ সেপ্টেম্বর খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরী ঘোষিত সেপ্টেম্বর মাসব্যাপী দাওয়াতী মাসের কর্মসূচি হিসেবে যুব সমাজকে তাগুতি ও কায়েমী শাসন ব্যবস্থা, ইসলাম ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সর্বব্যাপী সংগ্রামে অবতীর্ণ হওয়ার পাশাপাশি সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এ দাওয়াতী মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি আল্লাহ করিম মসজিদ থেকে শুরু করে মোহাম্মদপুরের টাউনহল হয়ে পুনরায় মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

যুব মজলিস মুহাম্মাদপুর থানার সভাপতি মাওলানা আল আবিদ শাকিরের সভাপতিত্ত্বে উক্ত সমাবেশে ঢাকা মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

মোহাম্মাদপুর থানার সাবেক সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সালামের দোয়ার মাধ্যমে সমাবেশ শেষ হয়।

পূর্ববর্তি সংবাদহাফেজগণ, তিলাওয়াত-তাহাজ্জুদে নিমগ্ন হোন
পরবর্তি সংবাদশুধু ঢাকা নয়, সারা দেশেই শুদ্ধি অভিযান চলবে : ওবায়দুল কাদের