রাশিয়ায় ১১৫ বছরের প্রাচীন মসজিদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দোয়া মাহফিল

ইসলাম টাইমস ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে ১১৫ বছরের প্রাচীন একটি মসজিদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দেশটির রাজধানী মস্কোতে ১৯০৪ সালে মসজিদটি নির্মাণ করা হয়। রাশিয়ার মুসলমানদের উপর বিভিন্ন সময় অনেক নির্যাতন করা হলেও এবং তাদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এ মসজিদটি থাকে অক্ষত। নির্মাণের পর থেকে একদিনের জন্যও এ মসজিদের দরজা বন্ধ থাকেনি। গত শতকে ভয়াবহ দু’টি বিশ্বযুদ্ধের সময় রাশিয়া সরকার কর্তৃক দেশটির অনেক স্থাপনা বন্ধ করে দেওয়া হলেও এ মসজিদটি চালু থাকে।

তুরস্ক সরকারের অর্থায়নে চার বছর যাবত মসজিদটির সংস্কারের কাজ চলছে। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর সংস্কার কাজের উদ্বোধনের দিন তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান উপস্থিত ছিলেন।

আজকের দোয়া মাহফিলে রাশিয়ার বিভিন্ন প্রদেশ এবং বাহরাইন, তুরস্ক, খাজাকিস্তান, মিশর, সৌদি আরবসহ পঞ্চাশটি দেশের প্রায় পাঁচশত মেহমান উপস্থিত ছিলেন।

রাশিয়ার গ্রান্ড মুফতি রাভিল গানুতিদিন আজকের দোয়া মাহফিলে তুরস্কের সাধারণ জনগণ, দেশটির সরকার এবং প্রেসিডেন্ট এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানান। সূত্র: আনাদুলু এজেন্সি

পূর্ববর্তি সংবাদছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমের ওপর আদালতের স্থগিতাদেশ
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ায় ভয়াবহ দাঙ্গায় ৩ শিক্ষার্থীসহ নিহত ২০