ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণকালে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঢাকা দক্ষিণ বাজারের লঞ্চ ঘরের সামনে থেকে রোববার সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ এবং সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল রয়েছেন।
এদিকে, আটকের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ঢাকা দক্ষিণ বাজার ইউনিয়নে প্রায় এক ঘণ্টা ঢাকা দক্ষিণ-গোলাপগঞ্জ সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
স্থানীয়রা জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে বিএনপি নেতা-কর্মীরা সন্ধ্যায় ঢাকা দক্ষিণ বাজারে লিফলেট বিতরণ করছিলেন। এসময় পুলিশ মুরাদ ও উজ্জ্বলসহ ছয়জনকে আটক করে।
সূত্র: ইউএনবি
















