ইসলাম টাইমস ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এতে ৩ শ’জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তানের ইসলামাবাদ, পাঞ্জাব, খায়বারপাখতুনখা এবং আযাদ কাশ্মীরে এসব হতাহতের ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে শতাধিক মানুষের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দ্য ডন। যুক্তরাষ্ট্রের ভুতাত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানায়, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।
ইন্ডিয়া টুডে বলছে, মঙ্গলবার বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে ভারতের উত্তরাঞ্চলীয় কিছু শহর ও পাকিস্তানে ভূমিকম্প আঘাত হানে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, আজাদ কাশ্মীর, খাইবার পাখতুনখাওয়া, লাহোর, গুজরাট, মুলতান, রহিম ইয়ার খানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি, চন্ডিগড়, জম্মু-কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তানে ৮ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত কম্পন স্থায়ী ছিল। প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। বিভাগীয় কমিশনার মাহমুদ তৈয়্যেব হতাহতের খবর নিশ্চিত করেছেন। সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আহত হয়েছেন শতাধিক মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নামার ডাক দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া।
















