কাশ্মীর উপত্যকার পরিস্থিতি খুব খারাপ: গুলাম নবী আজাদ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ বলেছেন, কাশ্মীর উপত্যকার পরিস্থিতি খুব খারাপ। ছয় দিনের জম্মু-কাশ্মীর সফরে গিয়ে গতকাল (মঙ্গলবার) তিনি সাংবাদিকদের সামনে ওই মন্তব্য করেন।

গত ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করার পরে সেখানে চলমান অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে ছয় দিনের সফরে এই প্রথম তিনি দিল্লি থেকে রাজ্য সফরে এসেছেন।

মঙ্গলবার জম্মু পৌঁছে আজাদ বলেন, গণমাধ্যমকে এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি চার দিন কাশ্মীরে ছিলাম এবং জম্মুতে আরও দু’দিন থাকার জন্য এখানে এসেছি। কাশ্মীরের পরিস্থিতি খুব খারাপ। এই চার দিনের মধ্যে যেখানে যেখানে যেতে চেয়েছিলাম তার সব জায়গায় যেতে দেয়া হয়নি।

তিনি কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে বেশি কিছু বলতে অস্বীকার করে বলেন, উপত্যকায় তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে গিয়েছিলেন এবং দিল্লি ফিরে গিয়ে আদালতে তাঁর সফরের বিশদ প্রতিবেদন জমা দেবেন। ছয় দিনের সফর শেষ হওয়ার পরে যা বলার তখন বলব।

সূত্র: পার্সটুডে

পূর্ববর্তি সংবাদসাহায্য চাওয়ায় নারীকে নির্যাতন করে মামলা দিল পুলিশ
পরবর্তি সংবাদপ্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি তিনদিন থেকে বেড়ে ৫ দিন