ইসলাম টাইমস ডেস্ক: ফের উরি-পঠানকোটের মতো সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলার আশঙ্কা করছে কেন্দ্র। ঝুঁকি না নিয়ে তাই ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও উত্তরপ্রদেশের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে। সেনা ছাউনির পাশাপাশি নরেন্দ্র মোদী, অমিত শাহ ও অজিত ডোভালের উপরে জইশ-ই-মহম্মদ হামলার ছক কষেছে বলে সতর্ক করে দিয়েছেন গোয়েন্দারা। এরই মধ্যে আজ উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগর গিয়েছেন জাতীয় সুরক্ষা উপদেষ্টা ডোভাল।
গোয়েন্দাদের দাবি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের ‘বদলা’ নিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ডোভালের উপরে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুতি নিয়েছে জইশ-ই-মহম্মদ। আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে যে চ্যালেঞ্জই আসুক না কেন সেনা, নৌবাহিনী ও বায়ুসেনা তার জবাব দিতে প্রস্তুত।’’
গোয়েন্দাদের আশঙ্কা, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অন্তত বার দশেক ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র পাঠানো হয়েছে পঞ্জাবে। সৌদি আরবের তেল শোধনাগারে ড্রোন হামলার পরে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্র। ড্রোন হামলা মোকাবিলায় নীতি তৈরির প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট সব মন্ত্রক।
পঞ্জাব পুলিশের দাবি, জম্মু-কাশ্মীর সীমান্তে কড়া পাহারা রয়েছে। তাই সড়ক পথে কাশ্মীরের গোলাবারুদ পৌঁছে দিতে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতে ড্রোনের সাহায্যে খলিস্তান জিন্দাবাদ ফোর্সের জন্য অস্ত্র পাঠানো হয়েছিল। তল্লাশিতে একাধিক এ কে ৪৭ রাইফেল, গ্রেনেড এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করেছে পঞ্জাব পুলিশ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
















