ইসলাম টাইমস ডেস্ক: মোবাইল চোর সন্দেহে নালিতাবাড়ীতে মনিরুল ইসলাম নামে এক কিশোরকে বিবস্ত্র করে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ঘটনাটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এ মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় উপজেলার রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলীকে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করেন নেতারা।
উপজেলার রাজনগন ইউনিয়নের পশ্চিম রাজনগর বন্ধুপাড়া গ্রামের জনৈক আব্দুস সালামের বাড়ি থেকে গত রবিবার তার ছেলে ইসহাকের একটি মোবাইল হারানো যায়। এই ঘটনায় চোর সন্দেহে একই গ্রামের মকবুল হোসেনের তের বছর বয়সী নাতি মনিরুল ইসলাম ওরফে পুতুরাকে সন্দেহ করা হয়। মনিরুলকে রাস্তা থেকে ধরে পড়নের লুঙ্গি খুলে কাধে ঝুলিয়ে টেনে-হিচড়ে বাড়িতে নিয়ে যান সালামের ছেলে ইসহাক (৩০) ও রবিউলসহ (২০) অন্যরা।
পরে তাকে একটি নারিকেল গাছের সঙ্গে পেছনে হাতমোড়া দিয়ে রশিতে বেঁধে ইসহাক, রবিউল ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলীসহ অন্যরা নির্যাতন চালায়। একপর্যায়ে মনিরুল অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে আত্মীয়-স্বজনরা উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে অসুস্থ থাকলেও তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আরিফুর রহমানের নির্দেশে পুনরায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং তিনি হাসপাতালে তাকে দেখতে যান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ৫ হাজার টাকার সহায়তা দেয়া হয়।
নির্যাতনের ঘটনায় মনিরুলের নানা মকবুল হোসেন বাদী হয়ে মামলা করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইসাহাক ও রবিউলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তবে বাকীরা পলাতক রয়েছেন।
















