ইসলাম টাইমস ডেস্ক: ক্যাসিনো বন্ধ করার যে অভিযান শুরু হয়েছে, তা চলতে থাকবে। সব ক্যাসিনো গুঁড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানীর হোটেল নরডিকে জঙ্গিবিরোধী অভিযানে সক্ষমতা সংবলিত র্যাবের বিশেষ মহড়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের টার্গেট ছিল ক্যাসিনো থাকবে না। আমরা সব ক্যাসিনো গুঁড়িয়ে দিয়েছি। এখন এটা করতে গিয়ে হয়তো আরও অন্যান্য ইস্যু বেরিয়ে আসছে। আমি দয়া করে অনুরোধ করব। কোনো ধরনের গুজব ছড়াবেন না। আতঙ্ক ছড়াবেন না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা ভালো করতে গিয়ে দেশ পিছিয়ে যাক সেটা আমরা চাই না।’
র্যাব মহাপরিচালক বলেন, ‘ক্যাসিনো নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা শুদ্ধি অভিযান চলছিল। যেটা পরে মুখ থুবড়ে পড়েছিল। এখন একটি শুদ্ধি অভিযান চলছে। সেটা হয়তো আরও প্রসারিত হবে। এখন রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী, সরকারি দপ্তরের বর্তমান ও সাবেক ইঞ্জিনিয়ার, যাদের সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। দুদক কাজ করছে।’
















