ইসলাম টাইমস ডেস্ক: ভয়াবহ বর্ষণে ভারতের উত্তর প্রদেশের শহর এলাহাবাদে প্রবল বন্যা দেখা দিয়েছে। এলাহাবাদ শহরের একশ’টিরও বেশি মহল্লা এবং অনেক গ্রাম বন্যায় প্লাবিত হয়ে গেছে। এতে বন্যা কবলিত মানুষ চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়েছে।
এদিকে জমিয়তে উলামায়ে হিন্দের সদর মাওলানা সাইয়েদ আরশাদ মাদানীর নির্দেশে জমিয়তে উলামায়ে হিন্দ উত্তর প্রদেশ শাখার প্রতিনিধি দল বন্যা কবলিত এসব মানুষের সাহায্যে বিপুল পরিমান ত্রাণ সামগ্রী নিয়ে হাযির হয়েছে।
আজ শুক্রবার জমিয়ত উত্তর প্রদেশের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাদীর তত্ত্ববধানে এলাহাবাদ শহরের প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়।
জাতি ধর্ম নির্বিশেষে সকলের মাঝে গুড়া দুধ, কলা, বিস্কুট, চিনি এবং পাউরুটির প্যাকেটসহ অন্যান্য শুকনো খাবার বিতরণ করা হয়।
জমিয়ত নেতা মাওলানা আবদু হাদী জানান, জমিয়ত উত্তর প্রদেশের পক্ষ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপ আকারে গত ছয় দিন ধরেই ত্রাণ বিতরণ করা হচ্ছে। আজ ব্যাপক পরিসরে অসহায় বন্যা প্লাবিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হলো।
ত্রাণ বিতরণ কার্যক্রমে জমিয়তের উত্তর প্রদেশের অনেক নেতা উপস্থিত ছিলেন।
এর আগে বন্যা প্লাবিত এলাকার মানুষের সুস্থতা এবং দ্রুত বন্যা পরিস্থিতির উত্তরণ কামনা করে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। সূত্র: বাসিরাত অনলাইন
















