ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ সীমানার ভেতরে যেখানেই অবৈধ ক্যাসিনোর খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি।
আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন সে অভিযান চলবে। তার কারণ, শেখ হাসিনা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের জিরো টলারেন্স।’
মন্ত্রী সকাল সোয়া দশটায় রক্তদানের সংগঠন ‘আত্মীয়’ এর রক্তদাতা নিবন্ধন এর ওয়েব সাইট উদ্বোধন করেন। আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন আত্মীয় এর সমন্বয়ক সমীর চক্রবর্তী।
















