বিবাড়িয়ায় অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগে শ্রমিকলীগ নেতার জেল

ইসলাম টাইমস ডেস্ক: বিবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগীকে আটক করে এক মাসের সশ্রম কারাদণ্ড  প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাদের ব্যবহৃত গাড়ি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের আটক করে সাজা প্রদান করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পত্তন গ্রামের আব্দুল বারেকের ছেলে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার (৪২) ও কমলনগর গ্রামের আব্দুল হাশেমের ছেলে শহিদুল (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চম্পকনগর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধভাবে পিকআপভ্যানে গ্যাস এনে ঝুঁকিপূর্ণভাবে বোতলজাত করে গ্যাস বিক্রির অভিযোগে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার ও তার সহযোগী শহিদুলকে আটক করে উভয়কে এক মাসের কারাদণ্ড প্রদান করে আদালত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার বলেন, ‘আটককৃতরা দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণভাবে পিকআপ ভ্যানে গ্যাস এনে সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি করে আসছিল। শুক্রবার রাতে তাদেরকে হাতে নাতে আটক করে ‘২০১০ সালের গ্যাস আইন’ এর মাধ্যমে উভয়কে এক মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান ও সরঞ্জাম আটক করা হয়েছে। শনিবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।’

পূর্ববর্তি সংবাদ‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যে হুমকি’
পরবর্তি সংবাদকাঁটাতারের বেড়া রোহিঙ্গা ক্যাম্পকে বড় কারাগারে পরিণত করবে : মানবাধিকার কর্মী