টিআইবির জরিপ: চলতি বছরের বন্যায় ত্রাণ বিতরণে দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে

ইসলাম টাইমস ডেস্ক: টিআইবি এক জরিপে উঠে এসেছে, চলতি বছরের বন্যায় ত্রাণ বিতরণে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির খবর।

আজ রবিবার  ‘বন্যা ২০১৯ মোকাবিলায় প্রস্তুতি এবং ত্রাণ কার্যক্রমে শুদ্ধাচার পর্যবেক্ষণ’ শীর্ষক জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বন্যায় জনপ্রতিনিধি ও সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ জনপ্রতিনিধি ও সরকারের কাছে প্রত্যাশা বেশি থাকে। কিন্তু সে প্রত্যাশা পূরণে সরকার ও জনপ্রতিনিধি ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘ত্রাণ বরাদ্দে স্বজনপ্রীতি এবং দলীয়করণ হয়েছে। এর মধ্যে রাজনৈতিক বিবেচনায় ত্রাণ বরাদ্দ, স্বজনপ্রীতি, ত্রাণের চাল কম দেওয়া, একই পরিবারকে একাধিকবার ত্রাণ দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অনিয়মের বিষয়ে অভিযোগ করলে ত্রাণ থেকে বঞ্চিত করারও অভিযোগ পাওয়া গেছে।’

টিআইবির প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বন্যায় ২৮টি জেলায় স্থান ভেদে ৪০ লাখ মানুষ ১০ থেকে ১৫ দিন পানিবন্দি ছিল। এবারের বন্যায় ১০৮ জন মানুষ মারা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, বন্যার ঝুঁকি যথাযথভাবে চিহ্নিত করা হয়নি। বন্যার প্রস্তুতি হিসেবে মহড়ার আয়োজন, সতর্কতা ও নিরাপত্তামূলক বার্তা প্রচারে ঘাটতি ছিল। এছাড়া স্থানীয় জনগণের সম্পদ রক্ষায় ইউনিয়ন পর্যায়ে পদক্ষেপ, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতেও ঘাটতি ছিল।

জরিপ এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও পানি উন্নয়ন বোর্ড তা দ্রুত মেরামত করেনি বলে টিআইবির প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়, ত্রাণের চাহিদা ও ত্রাণ বিতরণ প্রস্তুতি, ত্রাণের তথ্য প্রকাশেও ঘাটতি দেখা গেছে।

বন্যা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে বেশকিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে টিআইবি। গবেষণা সংস্থাটি বলছে, সরকারি উদ্যোগে বন্যা মোকাবিলায় পূর্ব প্রস্ততি, বন্যাকালীন এবং বন্যা পরবর্তী জরুরি সাড়া ও ত্রাণ প্রদান এবং পুনর্বাসন কার্যক্রমের পরিকল্পনায় প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা চিহ্নিত করা, বন্যা ও কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির ধরন, কারণ, ক্ষেত্র ও মাত্রা চিহ্নিত করাই ছিল এই জরিপের উদ্দেশ্য।

জরিপে পাওয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বেশকিছু সুপারিশও করা হয়েছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া ও সিলেট জেলার ক্ষতিগ্রস্ত ১০টি উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি ইউনিয়নের ৬৮৩টি খানায় ৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত এ জরিপ করা হয়।

 

পূর্ববর্তি সংবাদমোদির ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের চিন্তা করছে সৌদি আরব
পরবর্তি সংবাদরেনিটিডিন: উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর