ইসলাম টাইমস ডেস্ক: ভারতের বিহার রাজ্যের আদালতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল (শনিবার) বিহারের মুজাফফরনগর আদালতে একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ওই মামলার শুনানি হবে।
আইনজীবী সুধীর কুমার ওঝা মুজফ্ফরপুরের মুখ্য বিচার বিভাগীয় আদালতে ইমরানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪(এ), ১২৫ ও ৫০৫ ধারা অনুযায়ী ওই মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘আপত্তিজনক’ মন্তব্য করেছেন। এর পাশাপাশি তিনি তাঁর বক্তব্যে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকিও দিয়েছেন।
গত (শুক্রবার) জাতিসংঘে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কার্যত ভারত-পাক যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘আমি কোনও হুমকি দিচ্ছি না। কিন্তু আন্তর্জাতিক গোষ্ঠীকেও ভাবতে হবে, তারা ১৩০ কোটি মানুষের ভারতীয় বাজারকে তোষণ করবে, নাকি নিরাপরাধ নির্যাতিত মানুষের ন্যায়ের জন্য লড়বে। তা না হলে ভালো আশা আপনারা করতেই পারেন, কিন্তু খারাপের জন্যও তৈরি থাকুন।’
















