‘বিশ্বের সম্ভাব্য সমস্ত ফোরামে মোদির মুসলিম বিদ্বেষী চেহারা উন্মোচন করব’

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা বিশ্বের সম্ভাব্য সমস্ত ফোরামে নরেন্দ্র মোদির ফ্যাসিস্ট এবং মুসলিম বিদ্বেষী চেহারা উন্মোচন করব।’

গতকাল রোববার বিকেলে জাতিসঙ্ঘ মিশন শেষ করে দেশে ফিরে রাজধানী ইসলামাবাদে পৌঁছার পর সেখানে নিজ দলের সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি।

ইমরান খান বলেন, সারাবিশ্ব যদি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনগণের পাশে না থাকে তাহলেও পাকিস্তান কাশ্মিরের জনগণের পাশে থাকবে। তার সরকার ভারতশাসিত কাশ্মিরের স্বাধীনতার জন্য সকল প্রচেষ্টা চালাবে।

এদিকে ইমরান খানকে অভ্যর্থনা জানাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাকিস্তান সরকার এবং তেহরিক-ই-ইনসাফ দলের নেতাকর্মীরা ইমরান খানের এ সফরকে অত্যন্ত সফল বলে মনে করছেন।

সমাবেশে ইমরান খান অনেকটা ইসলামী কায়দায় বক্তৃতা দেয়া শুরু করেন এবং নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দপ্তরে কাশ্মিরি মিশনে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংক্ষিপ্ত ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, কাশ্মির নিয়ে চলমান সংগ্রামে উত্থান-পতন থাকবে তবে কঠিন সময় এলে তিনি জনগণকে হতাশ না হওয়ার জন্য আহ্বান জানান। এর কারণ হিসেবে তিনি বলেন,‘কাশ্মিরের জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে।’

সূত্র : পার্সটুডে।

পূর্ববর্তি সংবাদসহযোগিতা বাড়াতে অক্টোবরে পাকিস্তান আসছেন এরদোগান
পরবর্তি সংবাদপেঁয়াজের বাজার লাগামহীন, মাঠে নেমেছে মনিটরিং টিম