ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের ৫০০ সেনাকে হত্যা ও কয়েক হাজার সেনা সদস্য আটকের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ৭২ ঘণ্টার ওই অভিযান সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের সবচেয়ে বড় অভিযান হিসাবে দেখা হচ্ছে।
ইয়েমেনে সৌদি আগ্রাসন শুরুর পর থেকে সবচেয়ে বড় একটি সামরিক বিজয় হয়েছে বলে দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
রবিবার বিকালে ইয়েমেনের রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
সৌদি সেনা হত্যা ও গ্রেফতারের দাবির পক্ষে প্রমাণ হিসেবে স্থির চিত্র ও অসম্পূর্ণ ভিডিও উপস্থাপন করেছেন বিদ্রোহীরা।
ছবিতে সেনারা উর্দি পরিহিত না, আবার দাবিকে সত্য বলে প্রমাণ করতে যথেষ্ট প্রমাণ যেমন নেই, তেমন সৌদি আরবের কাছ থেকেও ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি।
উল্টে যাওয়া সৌদি যান, স্থির দাঁড়িয়ে থাকা সৌদি সেনা বহরের যানবাহনের ছবি দেখিয়ে হুতিরা বলেন, দক্ষিণ নাজরান অঞ্চলে গত তিন দিন ধরে এই হামলার ঘটনা ঘটেছে।
যদি তাদের দাবি সত্য হয়, তাহলে ২০১৫ সালের ২৬ মার্চ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে বর্বর সামরিক আগ্রাসন শুরু করার পর সৌদি সেনাদের ওপর এটি ছিল ইয়েমেনি সেনাবাহিনী ও হুথিদের সবচেয়ে বড় অভিযান।
















