কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর সত্য কথা বলা উচিত: ওয়াইসি

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর সত্য কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। আজ (সোমবার) হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনেেএ মন্তব্য করেন তিনি।

গতকাল (রোববার) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, কাশ্মীরে কোনও বিধিনিষেধ নেই। এ প্রসঙ্গে তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, নিষেধাজ্ঞা কোথায়? এটি কেবল আপনাদের মনের মধ্যে আছে। কোনও বিধিনিষেধ নেই। কেবল অপপ্রচার করা হচ্ছে।’ আসাদউদ্দিন ওয়াইসি আজ সেই প্রসঙ্গে এ মন্তব্য করেন।

ওয়াইসি বলেন, ‘অমিত শাহ সাহেব ভুল কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে তাঁর ভুল বলা উচিত নয়। সত্যি কথা বলা উচিত। এবং সত্যি এটাই যে, কংগ্রেসের নেতা গুলাম নবী আজাদ যিনি জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী,  তাঁকে দু’বার রাজ্যে যেতে বাধা দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে তাঁকে সেখানে যেতে হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল রাজনৈতিক কোনও কথা না বলার জন্য। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী  মেহেবুবা মুফতির মেয়েকে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিতে হয়েছিল। সিপিএমের মহাসচিব সীতারাম ইয়েচুরিকে তাঁর দলীয় অসুস্থ এক বিধায়ককে চিকিৎসার জন্য আনতে সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হয়েছে।

সুতরাং যেসব কথা উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলছেন, তা সত্যি কথা বলছেন না। সংসদে উনি ভুল বলেছিলেন যে, ফারুক আব্দুল্লাহ মুক্ত আছেন। কিন্তু ঘটনা এটাই যে ফারুক আব্দুল্লাহকে জননিরাপত্তা আইনে আটক রাখা হয়েছে।’

কাশ্মীরে নিষেধাজ্ঞা নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘যদি উনি সত্যি কথা বলেন তাহলে কাশ্মীরে অঘোষিত জরুরি অবস্থা কেন? সেখানকার আপেল বিক্রেতারা কি আপেল বিক্রি করতে চাচ্ছেন না? কেন সেখানে স্কুল খুলছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, নিষেধাজ্ঞা মনে রয়েছে। যদি সেটা সত্যি হয় তাহলে সেল ফোনকে কেন খুলে দেয়া হচ্ছে না? কে আপনাকে বাধা দিচ্ছে?’ যদি উনি ভাবেন এভাবে ভুল কথা বললেও সবাই সত্যি বলে মনে করবে তা ঠিক নয়। মানুষ তা সত্যি মনে করবে না বলেও ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি মন্তব্য করেন।

সূত্র: পার্সটুডে

পূর্ববর্তি সংবাদপাক সেনাবাহিনীর জন্য যুদ্ধজাহাজ বানাচ্ছে তুরস্ক
পরবর্তি সংবাদ‘শুধু দুর্নীতিবিরোধী অভিযান দিয়ে সংকট থেকে দেশকে বাঁচানো যাবে না’