খাশোগি খুনের তথ্য ঢাকতেই দেহরক্ষী হত্যার অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি বাদশাহর দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ আল ফাগাম হত্যা ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, তার কাছে সাংবাদিক জামাল খাসোগির নির্মম হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। হত্যার তথ্য চাপা দিতেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকদিন আগেই তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।

কিন্তু সৌদি কর্তৃপক্ষ বলছে, শনিবার সন্ধ্যায় জেদ্দা শহরে নিজের বন্ধুর গুলিতে আহত এবং পরে মারা যান বাদশাহর ব্যক্তিগত দেহরক্ষী। খবর টাইমসের।

মুজতাহিদ নামের এক সৌদি নাগরিক দাবি করেছেন, রাজপ্রাসাদের ভেতরেই হত্যা করা হয়েছে। এক টুইটে তিনি লিখেছেন, ‘বাদশাহ সালমান বিন আবদুল আজিজের দেহরক্ষীকে রাজপ্রাসাদেই হত্যা করা হয়েছে।

এখন বলা হচ্ছে, তিনি তার বন্ধুর হাতে নিহত হয়েছেন।’ তিনি আরও জানান, অনেকদিন ধরেই যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আবদুল আজিজকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছিলেন।

এর আগেও সৌদি রাজপরিবারের ভেতরের অনেক গোপন তথ্য ফাঁস করেছেন মুজতাহিদ নামের এই সৌদি নাগরিক। মুজতাহিদ আরও জানিয়েছেন, এ সংক্রান্ত বিশদ তথ্য খুব শিগগিরই ফাঁস করা হবে।

এর আগে সৌদি আরবের নির্বাসিত রাজনীতিক ড. মোহাম্মাদ আল মাসায়ারি সতর্ক করে দিয়ে বলেছিলেন, যুবরাজ মোহাম্মাদ বাদশাহর দেহরক্ষী আল-ফাগামকে হত্যা করতে পারে।

তিনি আরও বলেছিলেন, এই দেহরক্ষীর ওপর আস্থা রাখতে পারছে না সৌদি রাজপরিবার। তাকে হত্যা করে মার্কিন ব্ল্যাক ওয়াটারকে নিরাপত্তার দায়িত্ব দেয়া হতে পারে। আল মাসায়ারির হুশিয়ারির কয়েক মাসের মাথায় আল ফাগামকে হত্যা করা হল।

এদিকে খাসোগিকে সরাসরি হত্যার নির্দেশের অভিযোগ ফের অস্বীকার করেছেন যুবরাজ মোহাম্মদ। সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার জ্ঞাতসারে খাসোগি হত্যা হয়নি।

তবে সৌদি সরকারের হয়ে কাজ করা ব্যক্তিদের দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় সৌদি নেতা হিসেবে এ দায় আমার। বিয়ের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে গিয়ে হত্যার শিকার হন ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাসোগি।

সিআইএ ও পশ্চিমা দেশগুলোও বলে আসছে, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা সৌদি যুবরাজ। তবে রিয়াদের কর্মকর্তাদের দাবি, এতে তার কোনো ভূমিকা ছিল না।

পূর্ববর্তি সংবাদবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫ হাজার টিকিট হরিলুট, কর্মকর্তা-কর্মচারীরা অভিযুক্ত
পরবর্তি সংবাদফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার আইকন মুহাম্মদ আদ দুররা : খুনিরা এখনো ঘুরে বেড়ায়