ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশি ও অন্যান্য বিদেশিদের ধরে ধরে নিজ দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নেয়ার জন্য ভারতের উত্তরপ্রদেশের পুলিশকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি আসামে হওয়া জাতীয় নাগরিক পঞ্জিকা (এনআরসি) মতোই বিশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে যোগীর এই নির্দেশকে।
মঙ্গলবার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের মহাপরিদর্শক এক চিঠিতে সব জেলা পুলিশের প্রধানকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন। বাংলাদেশিদের শনাক্তের পর নিজ দেশে ফেরত পাঠাতে যোগীর এই নির্দেশকে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য খুবই গুরত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে পুলিশের শীর্ষ ওই কর্মকর্তা বলেছেন, বিতাড়িত করার এই নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের পাশপাশি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পর্যবেক্ষণ করা হবে।
সম্প্রতি আসামের নাগরিক পঞ্জিকা থেকে দেশটির প্রায় ১৯ লাখ মানুষকে বাদ দেয়া হয়েছে। আসামের বিতর্কিত এই নাগরিক পঞ্জিকা ঘিরে ভারতে এবং ভারতের বাইরে ব্যাপক সমালোচনা শুরু হয়।
















