ইসলাম টাইমস ডেস্ক: অক্টোবর মাস ইলিশের প্রজনন মৌসুম। সারা বছর ডিম ছাড়লেও সাধারণত ৮০ শতাংশ মা ইলিশ বছরের এ সময়েই ডিম ছাড়ে। সে জন্য প্রতিবছর এই মাসে ‘মা ইলিশ সংরক্ষণে’ নির্দিষ্ট সময় পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ রাখে প্রশাসন।
ইলিশের প্রজনন নিশ্চিত করতে ইতোমধ্যেই চলতি মাসের ৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
জানা গেছে, অক্টোবর মাসের প্রজনন মৌসুমে মিঠা পানিতে মা ইলিশ ডিম ছাড়ে। তাই আশ্বিনের পূর্ণিমার চার দিন আগে এবং পূর্ণিমার পর ১৮ দিন মোট ২২ দিন দেশের উপকূলীয় অঞ্চল, নদীর মোহনাসহ যেসব জেলা ও নদীতে ইলিশ পাওয়া যায়, সেখানে মাছ ধরা নিষিদ্ধ করা হয়ে থাকে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এবার দেশের ৩৫টি জেলার ১৪৭টি উপজেলার বিভিন্ন পয়েন্টে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
এ সময় নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা টহলে থাকবে। সরকার নির্ধারিত এই নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
এদিকে, ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে জেলে পরিবারের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এ সময়ে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানসহ চালের বরাদ্দ দেওয়া হয়েছে।
যুগ্ম সচিব (মৎস্য-২) শোয়াইব আহমেদ খান বলেন, ‘এ সময়ে ৪০ হাজার ৮৩৯টি পরিবারের জন্য ৮ হাজার ১৬৩ দশমিক ৫৮ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে। যেগুলো ইতোমধ্যেই স্ব স্ব জেলায় পৌঁছে গেছে।
তিনি বলেন, ‘ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপের প্রভাব আমরা ইতোমধ্যেই দেখতে পারছি। ইলিশের উৎপাদন ৫ লাখ ৭০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে গেছে। আগামীতে এই পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।’
















