ইসলাম টাইমস ডেস্ক : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে দিল্লী যাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৮টায় দিল্লির উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়বেন।
সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন হোটেল তাজ প্যালেসের দরবার হলে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে বাংলাদেশের ওপর কান্ট্রি স্ট্র্যাটেজি ডায়ালগে যোগ দেবেন। একইদিন বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী হলে এক সংবর্ধনা এবং বাংলাদেশ হাউজে তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। বাংলাদেশের হাইকমিশনার এই নৈশভোজের আয়োজন করবেন।
প্রধানমন্ত্রী ৪ অক্টোবর ভারতের তিনটি চেম্বার অব কমার্স অ্যান্ড এক্সচেঞ্জের নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন। ভারত সফররত সিঙ্গপুরের উপ-প্রধানমন্ত্রী হেং সোয়ে কিট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
৫ অক্টোবর হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। একইদিন কয়েকটি বিনিময় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দুই প্রধানমন্ত্রী হায়দরাবাদ হাউজ থেকে যৌথভাবে কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন। একইদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা হায়দরাবাদ হাউজে আনুষ্ঠানিক ভোজসভায় যোগ দেবেন।
এছাড়া কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ৬ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
খবর বাসস
















