ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মিরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের (এপিএইচসি) প্রধান সাইয়েদ আলি গিলানি বলেছেন, স্বাধীনতার জন্য কাশ্মিরের যুবক, তরুণ, বৃদ্ধসহ শিশুরা পর্যন্ত নিজেদের সর্বস্ব বিলিয়ে দিচ্ছে, এ আত্মত্যাগ ব্যর্থ হতে পারে না। খুব শিগগিরই স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হবে।
গত সোমবার গৃহবন্দী অবস্থা থেকে কাশ্মিরি জনগণের প্রতি লেখা এক চিঠিতে ভারতের বিরুদ্ধে চলমান প্রতিরোধ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন তিনি। কাশ্মিরিদের উদ্দেশে এ হুররিয়ত নেতা বলেন, নিজেদের অধিকার রক্ষায় আপনারা ত্যাগ স্বীকার করছেন, এ ত্যাগ কখনো নিষ্ফল হবে না।
সাইয়েদ আলি গিলানি আরো বলেন, আমার দৃঢ় বিশ্বাস, শিগগিরই কাশ্মির স্বাধীনতা লাভ করবে। নিজেদের আত্মপরিচয়, ধর্ম ও জাতীয়তার বিষয়ে কোনো সমঝোতা করা যাবে না। আমাদের লক্ষ্য অর্জনে জম্মু, কাশ্মির ও লাদাখের প্রতিটি নাগরিককে সীসাঢালা প্রাচীরের মতো এক থাকতে হবে।
এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর গত দুই মাসে কাশ্মির থেকে ১৪৪ শিশুকে আটক করা হয়েছে বলে স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। ৯ থেকে ১১ বছর বয়সী ওই শিশুদের বিভিন্ন হোমে রাখা হয়েছে বলে জানিয়েছে তারা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপ করে জম্মু-কাশ্মির এবং লাদাখ, দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই থেকে উপত্যকার সাথে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন গোটা ভারতসহ গোটা বিশ্বের। এমন পরিস্থিতিতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সমাজসেবামূলক সংগঠনের পক্ষ থেকে দমন-পীড়নের অভিযোগ তোলা হয়। এই দমননীতি থেকে শিশুদেরও ছাড় দেয়া হচ্ছে না বলেও অভিযোগ ওঠে নানা মহল থেকে।
সূত্র : পাকিস্তান টুডে
















