সনাতন ও ইসকন বিরোধ: ঠাকুরগাঁও মন্দিরে ১৪৪ ধারা জারি

ইসলাম টাইমস ডেস্ক: হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে সংঘর্ষ এড়াতে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারো অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ আদেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার। গত বছরও দুর্গাপূজা উপলক্ষে বিবদমান দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সেখানে ১৪৪ ধারা জারি করেছিল স্থানীয় প্রশাসন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো।

২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।

গত বুধবার শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা মন্ডপে পূজার প্রস্তুতি নিলে পূর্বের ন্যায় উত্তেজনা দেখা দেয়। ফলে বৃহস্পতিবার সকাল থেকে ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার বলেন, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হতাহতের ঘটনাও ঘটে। এ বছর আবারো একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে পচা পেঁয়াজ পাঠিয়েছে মিয়ানমার
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রী যতবার ভারত যান ততবার আমরা হতাশ হই : ফখরুল