কুমিল্লায় বাস-ট্রাকের সংঘর্ষে শিক্ষকসহ নিহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লায় বাস ও ট্রাকের সংঘর্ষে এক স্কুল শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ৩ টি বাসের অন্তত ৪০ জন যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকাল সোয়া ৪ টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় থানার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর গ্রামের আবদুল মান্নানের ছেলে সাজেদুর রহমান (৪৮), চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারইয়াডালা গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে বাসের হেলপার রহিম উদ্দিন মানিক (৪২) এবং হাসপাতালে নেয়ার পর আরেকটি বাসের হেলপার মারা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা যায়, বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকা দিয়ে ঢাকা অভিমুখে হানিফ, শাপলা ও শান্তি পরিবহনের ৩ টি বাস যাচ্ছিল। এসময় কুমিল্লা শহর থেকে একটি বালু পরিবহনকারী ড্রাম ট্রাক মহাসড়কের ওই স্থান অতিক্রম করে উপজেলা পরিষদ সড়কের দিকে যাওয়ার পথে প্রথমে হানিফ পরিবহনের বাসের সাথে ধাক্কা লাগে।

পরে ওই বাসের পিছু থাকা অপর ২টি বাসও দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা কবলিত ৩ টি বাস-ই মহাসড়কের পাশ্বের খাদে পড়ে যায়। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

পূর্ববর্তি সংবাদসৌদি থেকে ফিরলেন আরো ১৩০ বাংলাদেশি
পরবর্তি সংবাদঅবশেষে ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে