
ইসলাম টাইমস ডেস্ক: দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে ৭ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই এবং ৩ টি প্রকল্পের উদ্বোধন হয়েছে।
দিল্লির হায়দ্রাবাদ হাউজে স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টায় দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়। এর আগে দুই নেতা কিছুক্ষণ একান্তে কথা বলেন।
স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলো হলো- ফেনী নদীর ১ দশমিক ৮২ কিউসেক পানি প্রত্যাহার করতে পারবে ভারত; ওই পানি তারা ত্রিপুরা সাব্রুম শহরে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে ব্যবহার করবে।
উপকূলীয় এলাকায় নজরদারিতে সহযোগিতা বিনিময়ে একটি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ।
চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের বিষয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই হয়েছে।
চুক্তি হয়েছে বাংলাদেশকে দেওয়া ভারতের ঋণের প্রকল্প বাস্তবায়নে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব হায়দরাবাদের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
এছাড়া সাংস্কৃতিক কার্যক্রম বিনিময় এবং যুব উন্নয়নে সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এ দিন দুপুর ১ টায় ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যাহ্নভোজ শেষে হায়দ্রাবাদ হাউসের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।















