ইসলাম টাইমস ডেস্ক: সম্পূর্ণ মানবিক কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
গতকাল শনিবার বাংলাদেশের এই পররাষ্ট্রসচিব বিবিসি বাংলাকে বলেন, যেহেতু দুদেশের যৌথ নদী কমিশন বা জেআরসি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে তাই তিস্তা নিয়েও আশাবাদী হওয়ার যথেষ্ঠ কারণ আছে।
তার কথায়, “যেহেতু যৌথ নদী কমিশন প্রায় ছবছর পর বৈঠকে বসেছে, আগামী বছর আবার বসবে – তাই আমরা কিন্তু আশা করতেই পারি। আর তারা সবগুলো কমন রিভার (অভিন্ন নদী) নিয়েই কাজ শুরু করেছে। আর কমিশন শুধু এই অভিন্ন নদীগুলোর পানিবন্টন না, উন্নয়নের বন্টন নিয়েও ভাবছে। কারণ সারা বিশ্বেই জলসম্পদ এখন আলোচনার একেবারে ওপরের দিকে। সেই পটভূমিতেই আমরা তিস্তা-সহ সব অভিন্ন নদীকেই একটা বৃহত্তর ফ্রেমওয়ার্কে ভাবছি, যেখানে শিপিং থেকে শুরু করে বেসিন ম্যানেজমেন্ট সব কিছু নিয়েই আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি।”
পররাষ্ট্রসচিব আরও বলেন, আমার মনে হয় মানবিক ইস্যুর সঙ্গে আর কোনও ইস্যুকে মেশানো কিছুতেই ঠিক নয়। দক্ষিণ ত্রিপুরার ওই অঞ্চলটাতে খাবার পানি নেই। আর সে কারণেই কিন্তু আমরা পানি দিয়েছি।
বস্তুত ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি দক্ষিণ ত্রিপুরার যে সাব্রুম শহরে বাংলাদেশ পাঠাবে বলে সিদ্ধান্ত হয়েছে, সেই অঞ্চলে পানীয় পানির সঙ্কট অতি তীব্র। সীমান্ত দিয়ে বয়ে চলা ফেনীর পানি পেলে ওই অঞ্চলের মানুষের পানির কষ্ট মেটে, ভারতের এই অনুরোধের পটভূমিতেই প্রধানমন্ত্রী হাসিনা সম্পূর্ণ মানবিক কারণে ওই সিদ্ধান্ত নিয়েছেন – জানাচ্ছেন শহীদুল হক।
















