ইসলাম টাইমস ডেস্ক: ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন ভারত কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ সময় সোনিয়া গান্ধীর সঙ্গে তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে দেশটির রাজধানী নয়াদিল্লির এক হোটেলে সৌজন্য এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, সাক্ষাতে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। পরে শেখ হাসিনা ও সোনিয়া গান্ধী পুরোনো স্মৃতিচারণ করেন। শেখ হাসিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার ও দেশটির জনগণের অবদানের কথা স্মরণ করেন। পরে সোনিয়া গান্ধীকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন প্রমুখ।
প্রসঙ্গত, গত ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে যান তিনি। সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিট’ এ যোগ দেবেন শেখ হাসিনা। আগামী রবিবার (৬ অক্টোবর) রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
















