ইসলাম টাইমস ডেস্ক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই হত্যার সাথে জড়িত সকল খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানান খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, দেশে মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। ঘরে-বাইরে সর্বত্রই মানুষ নিরাপত্তাহীন। বুয়েটের মত প্রতিষ্ঠানের আবাসিক হল থেকে একজন ছাত্রকে ধরে নিয়ে হলের ভিতরেই নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দেশবাসী স্তম্ভিত।
তারা আরও বলেন, সরকার দলীয় ছাত্র সংগঠনের অপকর্ম থামছেই না। একের পর এক হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির ঘটনা চালিয়ে যাচ্ছে। ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পরেই আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থের পক্ষে কথা বলার কণ্ঠকে স্তদ্ধ করে দেয়া হয়েছে।
এই ঘটনাকে অশনিসংকেত বলেও মন্তব্য করেন খেলাফত মজলিসের এই দুজন আমির।
















