আবরার হত্যা: ‍বুয়েট ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের হত্যার ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও সহ-সভাপতি মুস্তাকিম ফুয়াদ। তারা উভয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। আজ সকালে তাদেরকে আটক করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেছেন, এ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্য কারো নাম পাওয়া গেলে জানানো হবে।

আবরার ফাহাদ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে নিখোঁজ ছিলেন। আর এরপর মধ্যরাতে নিজের আবাসিক হল শেরে বাংলা হলে পাওয়া যায় তার লাশ।

আবরার সর্বশেষ শনিবার বিকেল ৫টা ৩২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি সাম্প্রতিক বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে লিখেছেন।

ধারণা করা হচ্ছে- ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসের কারণে তাকে শিবিরকর্মী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয়তলা থেকে সোমবার ভোররাতে নিহত আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবরারের গ্রামের বাড়ি কুষ্টিয়া বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদমোদী সরকারের উপর আস্থা কমেছে ভারতীয়দের
পরবর্তি সংবাদআল-আকসায় মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের হামলা