ইসলাম টাইমস ডেস্ক: গত ১০ বছর ধরে হিন্দুরা চমৎকারভাবে তাদের পূজা-পার্বণ উদযাপন করছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জন্য এটি বড় অর্জন যে, আমরা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে চলতে শিখেছি। সব ধর্মের মানুষ এ স্বাধীন দেশে স্বাধীনভাবে তাদের সব ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। এবং আমরা তেমন পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি।
দিল্লি থেকে ফিরেই আজ সোমবার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান- ধর্ম নির্বিশেষে সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন।
‘আমরা অন্তত বলতে পারি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এমন সুন্দর পরিবেশ তৈরি হয়,’ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে গত ১০ বছর ধরে হিন্দুরা চমৎকারভাবে তাদের পূজা-পার্বণ উদযাপন করছেন।
















