ভারতে বিদেশ থেকে আনা গ্যাস রপ্তানি হবে: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: দেশের কোনো গ্যাস ভারতে রপ্তানি করা হবে না, বরং বিদেশ থেকে গ্যাস এনে এলএনজি প্রক্রিয়াজাত করে তা ভারতে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী  এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন,“একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে-ভারতকে বাংলাদেশ গ্যাস দিয়ে দিচ্ছে। “আসলে বিদেশ থেকে আনা আমদানিকৃত গ্যাস প্রক্রিয়াজাতকরণ করে তা ভারতে রপ্তানি করা হবে।”

এতে বাংলাদেশেরই লাভ হবে উল্লেখ করে তিনি জানান, বিভিন্ন দেশ এমনভাবে গ্যাস আমদানি করে প্রক্রিয়াজাত করে আবার রপ্তানি করে আসছে।

সম্প্রতি নয়া দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠকে বাংলাদেশ-ভারত সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এছাড়া তিনটি যৌথ প্রকল্প উদ্বোধন করেন তারা।

 ভারতের সাথে পানি বিনিময় নিয়ে  কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ তুলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক বিষয়ের কথা মাথায় রেখে ফেনি নদীর কিছু পানযোগ্য পানি ভারতকে দেওয়া হবে।

ভারতের সাথে সু-সম্পর্ক বজায় রেখেই বিভিন্ন সময় আন্তঃচুক্তি হয়ে থাকে। তারই অংশ হিসেবে আরো নানা চুক্তি হয়েছে যা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল. বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া প্রমুখ।

পূর্ববর্তি সংবাদভারতের সাথে দেশ বিরোধী চুক্তি জাতি মেনে নেবে না : আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদঅবরুদ্ধ হওয়ার পর শিক্ষার্থীদের সামনে এসে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস বুয়েট ভিসির