ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেন, ছাত্রসমাজ যখন সারা বাংলাদেশে প্রতিবাদ করে তখন দেখা যায় তড়িঘড়ি করে একটা ব্যবস্থা নেয়া হয়। কিন্তু আমরা দেখি তারপরই আবার নানাভাবে ছলেবলে কৌশলে অপরাধীদের বাঁচিয়ে দেয়ার একটা প্রবণতা থাকে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের জানাজা শেষে তিনি এসব কথা বলেন।
ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ছাত্ররা যখন হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমেছে তখন যদি সেই ঘটনার ন্যায়বিচার না হয় কিংবা কালক্ষেপণ করা হয় তখন ছাত্রসমাজ ঘুমিয়ে যায় কিংবা তখন প্রতিবাদ থেকে সরে যায় তখন সেই ঘটনা আড়ালেই রয়ে যায়। আপনাদের নিশ্চয়ই নুসরাত হত্যাকাণ্ডের কথা মনে আছে।
তিনি বলেন, ছাত্রসমাজ যখন সারা বাংলাদেশে প্রতিবাদ করে তখন দেখা যায় তড়িঘড়ি করে একটা ব্যবস্থা নেয়া হয়। কিন্তু আমরা দেখি তারপরই আবার নানাভাবে ছলেবলে কৌশলে অপরাধীদের বাঁচিয়ে দেয়ার একটা প্রবণতা থাকে।
ডাকসু ভিপি বলেন, আপনারা গতকালকের ঘটনাটি সকাল থেকে যখন ছাত্ররা হলের সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিল, হল প্রশাসন তাদের দেখতে দেয়নি। কেন দেখতে দেয়নি আপনারা চিন্তা করেন একবার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হত্যাকারীদের আড়াল করার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে দেয়নি। যখন আপনারা রাস্তায় নেমে এসেছেন, আমরা প্রতিবাদ করেছি তখন কিন্তু প্রশাসন চাপে পড়ে দেবে কি দেবে না দ্বিধা-দ্বন্দ্বে ছিল।
















