পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: পানি শোধনের জন্য বিপুল অর্থ ব্যয় হওয়ায় এ সম্পদ ব্যবহারে রাজধানীবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি সবাইকে পানির ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানাই। পানির অপচয় যেন না হয়, এজন্য সবাইকে বিশেষ দৃষ্টি দিতে হবে।’

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঢাকার পানি সরবরাহ এবং নর্দমা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ ঢাকা ওয়াসার দুটি প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, পানি শোধনের জন্য বিপুল অর্থ ব্যয়ের কথা মাথায় রেখে সবাইকে পানির ব্যবহারে সচেতন হওয়া উচিত। আপনারা সকলে পানি ব্যবহারে মিতব্যয়ী হবেন।

উদ্বোধন হওয়া পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ প্রকল্প (পর্ব-১) ও সাভারে তেতুলঝরা-ভারকুর্তা এলকার ওয়েল ফিল্ড নির্মাণ প্রকল্প (পর্ব-১) থেকে রাজধানীবাসীকে প্রতিদিন ৬০০ মিলিয়ন লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।

এসবের মধ্যে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা (যশলদিয়া) পানি শোধানাগার প্রকল্প থেকে ঢাকায় প্রতিদিন ৪৫০ মিলিয়ন এবং সাভারের তেতুলঝরা-ভারকুর্তার ওয়েল ফিল্ড নির্মাণ প্রকল্প থেকে ১৫০ মিলিয়ন লিটার পানি আসবে।

সূত্র : ইউএনবি

পূর্ববর্তি সংবাদমালিবাগে রাস্তা আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
পরবর্তি সংবাদবরগুনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ইউপি সদস্য কারাগারে