ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সব ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে ‘ভয়ঙ্কর অগণতান্ত্রিক’ বলে মন্তব্য করেছেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক আল কাদেরী জয়।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে আজ বিকেল ৪টায় টিএসসি থেকে বুয়েট পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়।
আল কাদেরী জয় বলেন, আমরা মনে করি এটি একটি ভয়ঙ্কর অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং সবধরনের বিরোধী মত ও তার ভিত্তিতে সংগঠিত শক্তিকে দমনের একটি হাতিয়ার। এটি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রতারণাও বটে।
তিনি বলেন, ‘কার্যত বুয়েট চলে’ ৬১ এর অধ্যাদেশে, সে অনুযায়ী ইতোমধ্যে ছাত্ররাজনীতি নিষিদ্ধ।’
বুয়েটে রাজনীতির নামে ছাত্রলীগের চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড আর নির্যাতন মন্তব্য করে তিনি বলেন, বিরোধী কোনো ছাত্র সংগঠনই ক্যাম্পাসে কাজ করতে গেলে নির্মমভাবে তাদের দমন করা হয়েছে।
















