ইসলাম টাইমস ডেস্ক: ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ভারতের সাথে সাম্প্রতিক চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু নেই। যে ত্রিপুরা মুক্তিযুদ্ধের সময় তাদের জনসংখ্যার চেয়েও অধিক মানুষকে আশ্রয় দিয়েছে তাদের আট হাজার মানুষকে অল্পকিছু পানি দেয়ায় দেশের স্বার্থবিরোধী কী এমন হয়েছে?
রোববার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পার্টির জেলা শাখার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি প্রাকৃতিক গ্যাস ভারতে রপ্তানি করার ব্যবস্থা করে ফেলেছিলো। সেদিন জাতীয় কমিটির লংমার্চ আর শেখ হাসিনার দৃঢ় অবস্থানের কারণে সেটা সম্ভব হয়নি। আর এবার প্রাকৃতিক গ্যাস নয় আমদানিকৃত গ্যাস রপ্তানির চুক্তি হয়েছে।
মেনন আরো বলেন, কিছু হলেই বিএনপি সরকার পতনের হুমকি দেয়। সব ইস্যুতেই আন্দোলন জমাতে ব্যর্থ হয়ে বিএনপি এবার আবরার হত্যার ঘটনার উপর ভর করেছে। আসলে বিএনপি জনগণের সমস্যা নিয়ে বিচলিত নয়, তাদের লক্ষ্য কি করে হারানো ক্ষমতা ফিরে পেতে পারে। কিন্তু তাদের ওই আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই।
















