ইসলাম টাইমস ডেস্ক: আকস্মিকভাবে জেরুজালেমের গভর্নর আদনান গাইথকে ধরে নিয়ে গেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের পুলিশবাহিনী। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয় প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, জেরুজালেমের সিলওয়ান এলাকার নিজ বাড়ি থেকে গভর্নর আদনান গাইথকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও আশপাশের সড়কগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরাইলি পুলিশ।
একইদিনে ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলনকারী সংগঠন ফাতাহ’র জেরুজালেমের সেক্রেটারি জেনারেল শাদি মুতিউরের বাসায়ও অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী।
আকস্মিকভাবে জেরুজালেমের গভর্নরকে গ্রেফতারের কারণ এখনও জানা যায় নি। ইসরাইলি পুলিশ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয় নি।
















