ইসলাম টাইমস ডেস্ক: পাবনায় জামায়াতের অঙ্গ সংগঠন ইসলামি ছাত্রী সংস্থার ১৩ সদস্যসহ এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। আটকরা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা শহরতলীর মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে তাদের আটক করে পাবনা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ‘জিহাদী’ বইপত্র জব্দ করা হয়েছে।
পাবনা শহরতলীর মনসুরাবাদ আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের ১১৯ নং বাড়িটির মালিক সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে বাড়িটি ঘিরে ফেলে এবং সেখান থেকে বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৩ নারী সদস্যসহ বাড়ির মালিক অধ্যক্ষ আনোয়ার হোসেনকে আটক করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটকদের পাবনা থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
















