বাবার কোলেই ঘুমন্ত তুহিনকে খুন করল চাচা : সংবাদ সম্মেলনে পুলিশ সুপার

ইসলাম টাইমস ডেস্ক: শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যার  কথা পুলিশের কাছে  স্বীকার করেছেন তার বাবা ও চাচা। ঘুমন্ত তুহিনকে কোলে করে ঘরের বাইরে নিয়ে আসেন বাবা। আর বাবার কোলেই ঘুমন্ত অবস্থায় শিশু তুহিনকে ছুরি দিয়ে গলাকেটে খুন করেন চাচা নাসির উদ্দিন।

মঙ্গলবার সন্ধ্যায় তুহিন হত্যার বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, রোববার রাত আড়াইটার দিকে ঘুমন্ত তুহিনকে কোলে করে ঘরের বাইরে নিয়ে যান বাবা আবদুল বাছির। পরে বাবার কোলের মধ্যেই তুহিনকে ছুরি দিয়ে গলাকেটে খুন করেন চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার। পরে তুহিনের কান ও লিঙ্গ কেটে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

আর সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তুহিনের চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার। তারা এ হত্যার ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন।

এর আগে সোমবার সন্ধ্যায় তুহিনের বাবাসহ থানায় নিয়ে পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই তুহিনকে খুন করা হয় বলে পুলিশকে জানান বাবা ও চাচা।

পূর্ববর্তি সংবাদআবরার হত্যাকাণ্ড নিয়ে কূটনীতিকদের ‘অহেতুক’ মন্তব্যে শিষ্টাচার লঙ্ঘন হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদইসলাম টাইমস হয়ে উঠুক হতাশার আঁধারে আলোর মিনার