কাশ্মীরে বিক্ষোভ, আটক সাবেক মুখ্যমন্ত্রীর মেয়ে-বোন

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সরকারি সিদ্ধান্তে বিরুদ্ধে আজ মঙ্গলবার শ্রীনগরে বিক্ষোভ করতে গিয়ে আটক হলেন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার মেয়ে এবং বোন সহ প্রচুর মহিলা বিক্ষোভকারী।

জানা গেছে, শ্রীনগরের লালচকের কাছে প্রতাপ পার্কে প্ল্যাকার্ড হাতে নিয়ে বহু মহিলা জড়ো হন। তাঁরা প্রতিবাদ বিক্ষোভ শুরু করতেই পুলিশ তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক ডজনেরও বেশি মহিলাকে আটক করে। খবর এনডিটিভি-র।

আটক করা মহিলাদের মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বোন সুরাইয়া আবদুল্লা, তাঁর মেয়ে সাফিয়া আবদুল্লাহ খান এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বশির রয়েছেন। ওই বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা সমাজকর্মী এবং শিক্ষাবিদও ।

“৫ অগাস্ট আমাদের বাড়ির ভিতরে তালাবদ্ধ করে রেখে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়েছিল। জোর করে বিয়ে দিলেও কার্যকর হয় না,” সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সুরাইয়া আবদুল্লা ।

এর আগে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে সে রাজ্যের বিশেষ মর্যাদা অবলুপ্তির সময় থেকে কঠোর জননিরাপত্তা আইনে উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং তাঁর ছেলে ওমর আবদুল্লাকে আটক করে সরকার। পাশাপাশি মেহবুবা মুফতি সহ রাজ্যের কয়েকশ রাজনৈতিক নেতাকেও অগাস্টের পর থেকে আটক করে রাখা হয়েছে।

গত ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে বাতিল করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করারও ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

শ্রীনগরে ৮৩ বছর বয়সী সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করে রাখা হয় এবং জননিরাপত্তা আইন (পিএসএ) এর আওতায় অভিযুক্ত করা হয় তাঁকে। এই  জননিরাপত্তা আইন (পিএসএ) এমন একটি কঠোর আইন যার অধীনে তিন থেকে ছয় মাস বিনা বিচারে কাউকে আটকে রাখা সম্ভব।

পূর্ববর্তি সংবাদঢাকা কলেজ ছাড়লেন আবরারের ছোট ভাই
পরবর্তি সংবাদভারতে মুসলমানরা কারও দয়ায় বসবাস করে না: ওয়াইসি